বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০১৫

মেঘে মেঘে মেদুর


্গ জমিছে মেদুর মেঘমালা । দুই তিন অথবা আরও বেশি দিন ধরে দক্ষিণের বিনম্র ঝাঁঝালো বাতাস জালের মতো টেনে টেনে আনছে মেঘ । সারাদিন প্রচণ্ড ভ্যাপসা গরম, বাতাসও বন্ধ ; তাপে তাপে জলকণা--জলীয়বাষ্প প্রসারিত - দীর্ঘ - দীর্ঘশ্বাস - সীমাহীন, অসীম । স্টেশনের ধুলোবতী পাগলের মাথার মতন এই ধুলোময় গোলকের জালে আছে যে যার তাপে । স্টেশন, লোকালয় ; রেলগেট পেরিয়ে তির্যক বালিকাদের চোখ - মেঘলা মহুয়া - আগুন আগুন - কৃষ্ণচূড়ায় ; মায়েদের মুখে টেনে দেওয়া আতঙ্কের আঁচল । সিঁড়িপথে মাকড়সা বুনছে জাল, বুনে যাচ্ছে ক্রমশ - মেঘে মেঘে - বৃষ্টির সম্ভাবনায় - আটকে পড়া পতঙ্গে - আহার্য ; আহা, জীবন-যাপন । দুই তিন অথবা আরও বেশি দিন ধরে যারা বসে আছে পৃথিবীর তাপে তাপে, ট্রেনে ঝাকুনির গতিময় দূরে - শেষরাতে বৃষ্টির অপেক্ষায় ; যারা জেনেছে , ঝড়-বৃষ্টি কিম্বা সে সব প্লাবনের গল্প -- নূহের নৌকা -- জোড়ায় জোড়ায় প্রাণীসকল -- প্লাবন প্লাবন ; প্লাবনের শেষে ছড়িয়ে ছিটিয়ে জগতময় সিঁড়িপথে মাকড়সার জালে পতঙ্গের আজন্ম আতঙ্কে... এমন এক মাকড়সার জালের ছবি আঁকতে আঁকতে আমার সমস্ত আষাঢ়ের দুপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন